সকল মেনু

বিস্ময়কর উত্থানে পুঁজিবাজার, বছরের সর্বোচ্চ লেনদেন

সিনিয়র রিপোর্টার: বিস্ময়করভাবে উত্থানে মঙ্গলবার দেশের পুঁজিবাজার। চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বিস্ময়কর উত্থানের দিনে যদিও সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডিএসইতে মূল্য সূচক কমেছে ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট।

ডিএসইতে এর আগে ২০২১ সালে ৭ নভেম্বর লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা। তার আগের দিন ৬ নভেম্বর লেনদেন হয়েছিল ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকা।

মঙ্গলবার বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকা।

ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তবে বেড়েছে লেনদেন। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩২ কোটি টাকার শেয়ার ও ইউনিট। যা গত ১ বছর ১৩ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৪৩ কোটি ১৬ হাজার ২৭৯টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯০০ কোটি টাকার বেশি।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ৭২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৬ টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইএস শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন যথারীতি লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকোর শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। লেনদেনে তৃতীয় স্থান দখল করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এরপর যথাক্রমে লেনদেনের শীর্ষে ছিল- একমি ল্যাবরেটরিজ, লাফার্জহোলসিম, জেএমআই হসপিটাল, ইস্টার্ন হাউজিং, শাহজীবাজার পাওয়ার, শাইনপুকর সিরামিক এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ১০৮টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ২৪৭ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৮৭ টাকার শেয়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top