স্টাফ রিপোর্টার: ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড কোম্পানির বিদ্যমান পরিচালকদের থেকে নেওয়া শেয়ার মানি ডিপোজিটের অর্থের বিপরীতে নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়ায় তাদের পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়াতে চায় কোম্পানিটি। যদিও এ প্রস্তাব একবার নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
কোম্পানির গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় শর্ত পরিপালন সাপেক্ষে পুনরায় বিএসইসির কাছে এ প্রস্তাব বিবেচনার জন্য আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসইর মাধ্যমে বুধবার এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।
জানা যায়, ওইমেক্স ইলেকট্রোড তাদের বিদ্যমান পরিচালকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ইকুইটি বাবদ অর্থ নিয়ে তা কোম্পানির স্বার্থে ব্যবহার করেছে। এ শেয়ার মানি ডিপোজিটের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের ৬ লাখ সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। যার মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়ানো হবে।
এ প্রস্তাব অনুমোদনের জন্য অনেক আগেই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন জানিয়েছিল কোম্পানিটি। কিন্তু এক্ষেত্রে কোম্পানিটি সংঘস্মারক ১৩ ও ৫৩ নম্বর নিবন্ধ লঙ্ঘন করায় কমিশন তাদের প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।