সকল মেনু

ফিনিক্স ফাইন্যান্সের এমডি বরখাস্ত, বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা

ঋণে অনিয়ম এবং প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ইন্তেখাব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে তিনিসহ অনিয়মে জড়িত অন্য কর্মকর্তাদের বিদেশ যাত্রা থেকে বিরত রাখার জন্য আর্থিক প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ফিনিক্স ফাইন্যান্সের চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক ফিনিক্স ফাইন্যান্সের ওপর তাদের একটি বিশেষ পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে চিঠিটি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) কর্তৃক পরিচালিত বিশেষ পরিদর্শন প্রতিবেদনে ফিনিক্স ফাইন্যান্সের এমডি ইন্তেখাব আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দ্বারা সংঘটিত অনিয়মের তথ্য উদ্‌ঘাটিত হয়েছে।

পরিদর্শনে ঋণে অনিয়মসহ প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে ইন্তেখাব আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে প্রতিষ্ঠানের এমডির পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন এমডি নিয়োগের নির্দেশনা দেওয়া হলো।

জানা গেছে, ফিনিক্স ফাইন্যান্সের বিতরণ করা ঋণের প্রায় ৫৭ শতাংশই এখন খেলাপি। মোট খেলাপি ঋণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে যে ২৬টি প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়েছে, সেই তালিকার শীর্ষে ছিল ফিনিক্স ফাইন্যান্স। তিন মাসে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ বাড়ে ৩৬০ কোটি টাকা।

এদিকে বড় ধরনের লোকসানে চলে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে ১৩ টাকা ৪৭ পয়সা ঋণাত্মক হয়েছে। অর্থাৎ কোম্পানিটি এ ছয় মাসে প্রতি শেয়ারের বিপরীতে ১৩ টাকা ৪৭ পয়সা লোকসান করেছে।

এদিকে বহুল আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদারের পাঁচটিসহ দেশি ১০টি আর্থিক প্রতিষ্ঠান এখন অনিয়মের কারণে ভুগছে। এসব প্রতিষ্ঠানের আমানতকারীরা তাঁদের জমা টাকা ফেরত পাচ্ছেন না। মার্চ পর্যন্ত সার্বিকভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোয় খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫৫ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ২৫ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top