এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ডক্টর এমজি মৌলা মিয়া। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠক হিসেবে তাকে এই খেতাব দেয়া হয়েছে। ব্রিটিশ সরকার শনিবার, ৩০ ডিসেম্বর ‘দ্য লন্ডন গেজেট’ প্রকাশ করলে এ তথ্য জানা যায়। চলতি বছর বার্মিংহাম থেকে একমাত্র মৌলা মিয়াই সম্মানজনক এই খেতাব লাভ করেন।
যুক্তরাজ্য বাংলাদেশি ব্যবসায়িদের শীর্ষ সংগঠন ইউকেবিসিসিআইয়ের সভাপতি এবং বার্মিংহামের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী তিনি। বাংলাদেশে মৌলা মিয়ার জন্মস্থান মৌলভীবাজার জেলার রাজনগর।
সম্মানজনক খেতাব পেয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সম্মান শুধু একজন ব্যক্তির নয়; গোটা বাংলাদেশের জন্য গৌরবের। এর মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আরো সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহী হবেন।
এমবিই হচ্ছে সম্মানসূচক ব্রিটিশ পদবি। রাজা পঞ্চম জর্জ ১৯১৭ সালে এ পদবীর প্রবর্তন করেন। খেতাব অর্জনকারীদের রাজপ্রাসাদে বর্ষবরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বার্মিংহাম প্যালেসে এবার রাজা তৃতীয় চার্লস থাকছেন জমকালো সেই অনুষ্ঠানে, সেখানে অংশ নেবেন ডক্টর মৌলা মিয়া।
ব্রিটেনের খ্যাতিমান ব্যবসায়ী রাজনগর বিজনেস গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠক হিসেবে তিনি এই খেতাব লাভ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।