সকল মেনু

সম্পত্তি নিলামের বিরুদ্ধে এস আলম আইনি ব্যবস্থা নেবে

এস আলম গ্রুপের দুই কোম্পানির সম্পত্তি নিলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে গ্রুপটি। জনতা ব্যাংক সম্প্রতি গ্রুপটির দুই কোম্পানি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি ও এস আলম কোল্ড রোল্ড স্টিলসের পৌনে ৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। জনতা ব্যাংকের এই নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার, ৮ জানুয়ারি কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

সম্পত্তি নিলামে তোলা কোম্পানি দুটির মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলস। এর আগে ৫ জানুয়ারি সম্পত্তি নিলামের বিষয়ে জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি দেয়। ওই চিঠির জবাবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি জানায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে কোম্পানিটি। এরই মধ্যে কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংকে ঋণপত্র খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে কোম্পানির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে এখন পর্যন্ত কোম্পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কোম্পানিটি আরও বলে, ২ হাজার ৩ কোটি টাকার অনাদায়ি ঋণের বিপরীতে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি সম্প্রতি নিলামে তোলার ঘোষণা দিয়েছে জনতা ব্যাংক। তবে এতে সরাসরি আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। তারপরও এই নিলাম বন্ধে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথে রয়েছি আমরা। পরবর্তী সময়ে এ বিষয়ে ডিএসইকে বিস্তারিত জানানো হবে।

জনতা ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রির কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। আর এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কাছে পাওনা ২ হাজার ৩ কোটি টাকা। এই দুই কোম্পানির কাছে ব্যাংকের মোট পাওনা ৩ হাজার ৭৮০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের এই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংকটি। এরই মধ্যে পত্রিকায় এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top