বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল এনভয় টেক্সটাইল লিমিটেডের ‘স্টেট অব দ্য আর্থ ওয়েস্টেজ ফ্যাবরিক রিসাইক্লিং প্ল্যান্ট’ পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে। এই প্ল্যান্টে বর্জ্য কাপড় পুনঃব্যবহার করে সুতা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বস্ত্র খাতের এ কোম্পানি।
এনভয় টেক্সটাইল কর্তৃপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে নেওয়া এ উদ্যোগটি তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। এ কারখানায় তারা বর্জ্য কাপড় প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিদিন ১২ টন সুতা উৎপাদন করতে পারবে।
কোম্পানির মতে, এই প্রকল্প এনভয় টেক্সটাইলকে বৈশ্বিক বাজারে টেকসই টেক্সটাইল খাতে প্রতিযোগিতামূলক সুবিধা আরও শক্তিশালী করবে। পাশাপাশি এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে কোম্পানিটি জানিয়েছিল, তারা বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরির রিসাইক্লিং এই প্ল্যান্টে ২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব অর্থায়নে বিনিয়োগের কথা জানানো হয় তখন।
কোম্পানিটি আরও জানায়, নতুন এই প্ল্যান্টের পুর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে এর মাধ্যমে তাদের টেক্সটাইল মিলের অতিরিক্ত রাজস্ব আয় বার্ষিক প্রায় ৫০ কোটি টাকা প্রবৃদ্ধি আসবে। যদিও তখন এই প্রকল্পটি চলতি বছরের জুনের মধ্যে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কোম্পানিটি এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ এসে শুরু করতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।