দেশের ৪৬টি নন-লাইফ বা সাধারণ বিমা কোম্পানির ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কোম্পানিগুলোর উন্নয়ন কর্মকর্তারা সংগৃহীত প্রিমিয়াম থেকে যে শতকরা হারে অর্থ পেতেন, সেই সুবিধাও বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে নন-লাইফ বিমা কোম্পানিগুলোর উদ্দেশে গত মঙ্গলবার ‘নন-লাইফ বিমাকারীর ব্যক্তি এজেন্ট কমিশন এবং উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ। প্রজ্ঞাপনটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের কোনো নন-লাইফ বিমা কোম্পানিতে আর ব্যক্তি বিমা এজেন্ট রাখা যাবে না। ফলে বিমাকারীরা এজেন্টদের কোনো ধরনের কমিশনও দিতে পারবে না। তবে ব্যাংকাস্যুরেন্স পরিচালনাকারী ব্যাংক এবং ইনস্যুরটেক সেবাদাতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর গত ১৮ নভেম্বরের সুপারিশ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সঙ্গে নন-লাইফ বিমা কোম্পানিগুলোর ৩০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আইডিআরএ জানিয়েছে, নন-লাইফ বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বিমাকারীদের আর্থিক ভিত শক্তিশালী করা এবং সামগ্রিকভাবে বিমা খাতের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও বলেছিল, আইডিআরএর লোকবলের ঘাটতি থাকায় প্রজ্ঞাপন জারির পর তা লঙ্ঘন হচ্ছে কি না, তা তদারকের ক্ষেত্রে বিআইএ যেন সহযোগিতা করে এবং বিআইএ নিজেও যেন পরিদর্শন দল গঠন করে। নন-লাইফ কোম্পানিগুলোতে তিন হাজারের কাছাকাছি এজেন্ট রয়েছেন বলে বিআইএ সূত্রে জানা গেছে।
আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম–এর কাছে গত ১৮ নভেম্বর ‘এজেন্ট কমিশন শূন্য শতাংশ নির্ধারণ’ শীর্ষক এক পৃষ্ঠার আবেদন করেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর সভাপতি সাঈদ আহমেদ। বর্তমানে ব্যক্তি বিমা এজেন্টদের কমিশন ১৫ শতাংশ। এর আগে ২০২০ সালের ২৭ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এজেন্টদের ১৫ শতাংশ কমিশনের ওপর ৫ শতাংশ অগ্রিম কর কর্তন করে ১৪ দশমিক ২৫ শতাংশ কমিশন পরিশোধের নির্দেশ দেয়।
পরবর্তীতে প্রবিধানমালা না থাকায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ওই প্রজ্ঞাপন বাতিল করে কমিশন শূন্য ঘোষণা করা হয়। তবে প্রবিধানমালা জারি হওয়ার পর একই বছরের ২৪ অক্টোবর আইডিআরএ নতুন প্রজ্ঞাপন জারি করে, যার মাধ্যমে আবারও ব্যক্তি এজেন্টদের কমিশন ব্যবস্থা কার্যকর করা হয়।
এই তিন প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বিআইএ বলেছে, বর্তমানে নন-লাইফ বিমা ব্যবসাসংক্রান্ত সমস্যা থেকে উত্তরণের জন্য কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা এক যৌথ সভায় এজেন্ট কমিশন শূন্য নির্ধারণের বিষয়ে একমত হয়েছেন। এসব কথা উল্লেখ করে বিআইএর দাবি হচ্ছে এজেন্ট কমিশন শূন্যে নামিয়ে আনতে আইডিআরএ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।