একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের গত দুই বছরের আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না বলে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একিভূত ৫ বাংকের আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বুধবার কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ইসলামী ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু আমানতকারীর অসুবিধার বিষয় আমলে নিয়ে ও সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মুনাফা প্রদানের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। ব্যাক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) মেয়াদি আমানত ও স্কিম ভিত্তিক আমানতের ক্ষেত্রে উল্লেখিত সময়ের জন্য ব্যাংক রেটে অর্থাৎ ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করতে হবে।
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠিতে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়। সেগুলো হলো ২০২৫ সালের ২৮ ডিসেম্বর ভিত্তিক সব আমানত স্থিতি পুনরায় হিসাবায়ন করতে হবে। পুনহিসাবায়নের প্রভাব প্রদর্শনপূর্ব্বক একটি সমন্বয় বিবরণীসহ আমানত ও মুনাফা সংক্রান্ত সংশোধিত তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে।
মাসিক নির্দিষ্ট সময় অন্তর মুনাফা ভিত্তিক আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের জন্য ইতোমধ্যে ব্যাংক রেট ( বার্ষিক ৪%) এর অধিক মুনাফা প্রদান করা হয়ে থাকলে অতিরিক্ত পরিশোধিত মুনাফা ভবিষ্যতে প্রদেয় মুনাফার বিপরিতে কিস্তি আকারে নির্ধারিত পরিশোধসূচি অনুযায়ী সমন্বয় নিশ্চিত করতে হবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়, অন্যন্য সবধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের গত দুই বছরের আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তে আমানতকারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের বহির্প্রকাশ দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।