ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ-এর প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণা অনুযায়ী, আজিজ মোহাম্মদ ভাই বাজার থেকে তাঁর মালিকানাধীন এই কোম্পানিটির ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এই শেয়ার কেনা সম্পন্ন করবেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এই শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন বলেও ঘোষণায় বলা হয়।
এদিকে বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৫ টাকা। সেই হিসাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের দেওয়া ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বর্তমান বাজারমূল্যে ১ কোটি শেয়ার কিনতে তাঁর প্রায় ১৫৫ কোটি টাকা লাগবে। তবে শেয়ারের দামের হেরফেরে এই টাকার অঙ্কে কিছুটা কমবেশি হতে পারে।
প্রসঙ্গত, আজিজ মোহাম্মদ ভাই আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রজগতের একজন আলোচিত ব্যক্তি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে অন্যতম তিনি। ২০২৪ সালে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আদালত আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি পলাতক, দেশের বাইরে অবস্থান করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।