এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ময়মনসিংহের ভালুকায় নতুন করে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কারখানা সম্প্রসারণের লক্ষ্যে এ জমি কিনবে কোম্পানিটি। রবিবার, ২৬ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে জমি কেনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
সোমবার, ২৭ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় বর্তমান কারখানার ঠিক পাশেই ৫০.৩৭ শতাংশ জমি কেনা হবে। এই জমি কেনা, রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট খরচসহ মোট আনুমানিক ৮ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।
এনভয় টেক্সটাইলস জানিয়েছে, ক্রমবর্ধমান উৎপাদন চাহিদা মেটাতে এবং কারখানা সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য এ জমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানা-সংলগ্ন হওয়ায় এটি উৎপাদন ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা যোগ করবে।
পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে থাকা এনভয় টেক্সটাইলস বরাবরই বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। কারখানার সক্ষমতা বৃদ্ধির এই নতুন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কোম্পানির আয় ও মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
আধুনিক প্রযুক্তিসম্পন্ন এনভয় টেক্সটাইলস বিশ্বের প্রথম ডেনিম টেক্সটাইল হিসেবে ‘লিড প্লাটিনাম’ সার্টিফিকেট অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। নতুন এই ভূমি অধিগ্রহণ তাদের সক্ষমতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।