আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি ইউনিট এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উৎপাদন লাইনের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত কোম্পানিটির টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। তবে এ সময় লাইন-১ ও লাইন-২-এ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।
কোম্পানিটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বন্ধ থাকা দুটি ইউনিটে পুনরায় উৎপাদন শুরু করা হবে। এ বিষয়ে যথাসময়ে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ পয়সা এবং আগের বছরের একই সময়ে ছিল ৬ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৯ পয়সা।
২০২৫ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক ছাড়া সাধারণ শেয়ারধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে আরএকে সিরামিকস। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৩ পয়সা এবং আগের বছরে ছিল ৬ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৫ টাকা ৩০ পয়সা।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস আল খাইমাহ গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভ রয়েছে ৭৯ কোটি ৫০ লাখ টাকা।
বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৭২ দশমিক ৮০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, ১৭ দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, শূন্য দশমিক ৪০ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের এবং অবশিষ্ট ১০ দশমিক ৩৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।