সকল মেনু

ইকুইটি পুঁজিবাজারে আসছে সিটি গ্রুপ

দেশের পুঁজিবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। প্রথমবারের মতো বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার, ১৩ আগস্ট সিটি গ্রুপের করপোরেট প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটি গ্রুপ জানিয়েছে, প্রয়োজনীয় আইন-কানুন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রস্তাবিত তহবিল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলছে, ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও অর্থায়নের চাহিদা পূরণে অন্যান্য অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি পুঁজিবাজারকে টেকসই অর্থায়নের উৎস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নতুন ইস্যুকারী প্রতিষ্ঠান হিসেবে সিটি গ্রুপ পুঁজিবাজারে যুক্ত হবে এবং বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

প্রস্তাবিত তহবিল সংগ্রহের জন্য ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি। সম্ভাব্য অর্থায়ন কাঠামোর মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড ও সুকুকসহ অনুমোদিত অন্যান্য পুঁজিবাজার উপকরণ থাকতে পারে।

সংশ্লিষ্ট বিধিবিধান এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ইস্যু ব্যবস্থাপনা ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রমে নেতৃত্ব দেবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। প্রতিষ্ঠান দুটির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সিটি গ্রুপের জন্য উপযুক্ত অর্থায়ন কাঠামো তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রস্তাবিত লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা ও অবকাঠামো সরবরাহে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সঙ্গে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে কাজ করবে ওয়ান ব্যাংক পিএলসি।

চুক্তি সই অনুষ্ঠানে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক ফারজানা রহমান এবং শম্পা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top