সকল মেনু

ডিএসই ও শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের বৈঠক মঙ্গলবার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে বৈঠকে বসছে। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি বাজার উন্নয়নের পথে কী কী প্রতিবন্ধকতা রয়েছে এবং এসব সমস্যা সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ব্রোকারদের মতামত নেওয়া হতে পারে।

এর আগে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাজারে চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করতে ৮ সেপ্টেম্বর ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে ডিএসই।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ডিএসই ও সদস্য প্রতিষ্ঠানগুলোর করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

শীর্ষ ব্রোকারেজ হাউজের সঙ্গে মঙ্গলবারের বৈঠকেও বাজারের বর্তমান অস্থিরতা, লেনদেনের গতি বাড়ানো এবং পুঁজিবাজারকে আরও স্থিতিশীল করতে করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top