সকল মেনু

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকে কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম বুধবার, ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে। বুধবার, ৭ অক্টোবর বিকেলে এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার।

বিদায়ী সেপ্টেম্বর মাসজুড়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। আর আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে দাম বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।

বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্যের প্ল্যাটস রেটের গড় এবং ওই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর মূল্যহার সমন্বয় করা হয়েছে।

বিইআরসির আদেশ অনুযায়ী, নতুন নির্ধারিত দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top