সকল মেনু

স্মার্ট বাংলাদেশ গড়তে সম্মেলনের আয়োজন করেছে এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফবিসিসিআই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন সামনে রেখে রোববার সংগঠনটি সব চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বেসরকারি খাত। দেশের ৮২ শতাংশ ব্যবসা-বাণিজ্য আসে বেসরকারি খাত থেকে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে– তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এ সম্মেলনে।

তিনি বলেন, করোনার সময়ে সংকট অনেকটা কাটিয়ে ওঠা গেলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে। এ বিষয়ে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে।

মো. জসিম উদ্দিন আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিটের প্রাপ্তি নিয়ে একটি প্রকাশনা বের করা হয়েছে। ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে প্রকাশনার কপি হস্তান্তর করা হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সম্মেলনে ব্যবসায়ীদের সমস্যাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।

সভায় এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামিম, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, ফিকি সভাপতি নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারের সভাপতি সামীর সাত্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top