সকল মেনু

জেনেক্স ইনফোসিসের আদনান ইমামের ১৬ কোটির গাড়ি আটক

দেশের মানি মার্কেট ও শেয়ার মার্কেটে সমানতালে সমালোচিত জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান আদনান ইমাম। ঋণের দায়ে তার ১৬ কোটি টাকা মূল্যের একটি গাড়ি সম্প্রতি আটক করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। বাংলাদেশে আনা কোটি টাকা মূল্যের প্রথম সারির বেনট্লি গাড়িটির নম্বর (চট্টমেট্রো-ভ-১১-১১১১)।

১৬ কোটি টাকা মূল্যের গাড়ি

রাজধানীর কারওয়ান বাজার ব্যাংক শাখা গাড়িটি আটক করে ইউসিবিএলের কেন্দ্রীয় কার্যালয়ে হস্তান্তর করেছে। তার নামে প্রায় ১৫ কোটি টাকা বেশি দামের আরো একটি গাড়ি (মেট্রো ১২-১২১২) রয়েছে। ঋণ পরিশোধ না করায় সেই গাড়িও আটক করতে খুঁজছে ইউসিবিএল কর্তৃপক্ষ।

বেনামি ‘ফুলপুর এগ্রো লিমিটেড’ কোম্পানির নামে এই গাড়ি কেনা হয়েছে।

গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাইনুল কবির। গাড়ির বিপরীতে ব্যাংক ঋণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঋণের বিষয়ে আমি সংখ্যাটা বলতে পারব না। তবে গাড়ির বিষয়ে বলতে পারবে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের শাহ আলম সাহেব। তিনি এখন হজে আছেন।’

গাড়ি বিষয়ে জানতে চাইলে মাইনুল কবির বলেন, ‘এ বিষয়ে আরো বেশি জানাতে পারবেন কারওয়ান বাজার ব্যাংকের শাখা প্রধান।’

গাড়ি আটকের বিষয়ে তথ্য নিশ্চিত করতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান আশিকুর রহমানকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে আরও তথ্য জানতে কোম্পানি সেক্রেটারি মোস্তাক আহমেদকে ফোন দেয়া হলে ‘এ বিষয়ে কিছুই জানেন না’ বলে জানান তিনি।

তবে ইনফোসিস কোম্পানির বিশেষ একটি সূত্র জানিয়েছে, আটক গাড়িটি আদনান ইমামের নয় এবং ঋণ করে তার নামে কোন গাড়ি কেনা হয়নি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আদনান ইমাম। মানিলন্ডারিং ও শেয়ারবাজার কারসাজির দায়ে অভিযুক্ত হয়ে এখন দেশান্তরি।

তার নামে কয়েক হাজার কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। তার মধ্যে ইউসিবির কারওয়ান বাজার শাখায় আদনানের দুটি প্রতিষ্ঠান এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি) ও এডব্লিউআর রিয়েল এস্টেটের মোট খেলাপি ঋণ ৬৮৭ কোটি টাকা।

এছাড়া একই শাখায় বাংলা-ইউকে এগ্রো প্রোডাক্টসের খেলাপি ঋণের পরিমাণ ৩৮০ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top