সকল মেনু

আইসিবি সরকার থেকে ঋণ পাচ্ছে ১ হাজার কোটি টাকা

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের প্রেক্ষিতে নতুনভাবে এক হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার। এ বিষয়ে গত বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্দেশনা জারি হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় প্রতিষ্ঠানটিকে ১ হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ অনুমোদন দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘পরিচালন ঋণ’ খাত থেকে আইসিবিকে প্রদত্ত এ অর্থ ১ হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ হিসেবে প্রদান করা হবে। এটি অর্থ বিভাগে খাত নম্বর-১০৯০১০১-১১০০০০০-৯১২১২০০-পরিচালন ঋণ হিসেবে বরাদ্দ করা হয়েছে। সরকারি এই সহায়তা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি মেনে চলতে হবে এবং আইসিবির আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ডিভিডেন্ড বাবদ অনিষ্পন্ন অগ্রিম সমন্বয়ের নির্দেশও প্রদান করা হয়েছে।

জানা গেছে, ঋণে জর্জরিত হয়ে পড়া প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধে সরকারের কাছে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে ও সুদ পরিশোধের সক্ষমতা ফিরে পেতে বিশেষ তহবিল চেয়েছে প্রতিষ্ঠানটি। সেই আবেদনের প্রেক্ষিতে ১ হাজার কোটি টাকার এই ঋণ দিচ্ছে সরকার।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, এই অর্থ পেলে কিছুটা ফাংশনাল (কার্যকরী) হবে। আমরা চেয়েছিলাম ৫ হাজার কোটি টাকা এবং মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছিলো এই বিষয়টা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের দোহাই দিয়ে নাকচ করে দেয়। পরবর্তীতে মন্ত্রণালয় ১ হাজার কোটি টাকা দিতে রাজি হয়। আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যত দ্রুত সম্ভব টাকা ছাড় করার ব্যবস্থা করতে। সেটার জন্য রবিবার আইসিবি এবং মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top