বেসরকারি ব্যাংক Islami Bank Bangladesh PLC তাদের সহযোগী প্রতিষ্ঠান mCash Limited–এ কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Bexho Holdings LLC–কে এমক্যাশের অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় এ সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুমোদন করা হয়। সভায় বিএকশো হোল্ডিংস এলএলসিকে এমক্যাশ লিমিটেডের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে বোর্ড সম্মতি দেয়।
এমক্যাশ লিমিটেড ইসলামী ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, এমক্যাশ লিমিটেডের পরিশোধিত মূলধন ধাপে ধাপে ৫০০ কোটি টাকা পর্যন্ত উন্নীত করা হবে। মূলধন বৃদ্ধির পর শেয়ার মালিকানার কাঠামোতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হাতে থাকবে ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার। অন্যদিকে বিএকশো হোল্ডিংস এলএলসির হাতে থাকতে পারে সর্বোচ্চ ৪৮ দশমিক ৯৯৯০ শতাংশ শেয়ার।
নতুন শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই বিনিয়োগ কার্যকর হবে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এমক্যাশ লিমিটেডের পরিচালনা পর্ষদের অনুমোদনসহ সংশ্লিষ্ট সব আইনি ও নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র নিতে হবে।
ইসলামী ব্যাংক মনে করছে, এই কৌশলগত বিনিয়োগের ফলে এমক্যাশের মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদার যুক্ত হওয়ায় প্রযুক্তিগত দক্ষতা ও বিনিয়োগ সক্ষমতা বাড়বে, যা দেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিনিয়োগকারীর আগমন এমক্যাশের সেবার মান ও পরিসর বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।