ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে কাখাবের বেনিদজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।
কাখাবের বেনিদজের শিল্প খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে ১৫ বছরের বেশি সময় তিনি পরিচালনা পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি বিএটিতে যোগ দেন। এরপর বিপণন, সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) ও সাধারণ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যবসায়িক কার্যসম্পাদন, সাংগঠনিক রূপান্তর এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততায় সাফল্যের স্বাক্ষর রাখেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবভিত্তিক নেতৃত্বের মাধ্যমে তিনি বিএটি বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ধাপে নেতৃত্ব দেবেন। দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির অবদান আরও জোরদারে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
কাখাবের বেনিদজে বলেন, বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা এবং ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। আমাদের দক্ষ সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এর অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে, ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের প্রবৃদ্ধির ধারায় অর্থবহ অবদান রাখতে আমি আগ্রহী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাখাবের বেনিদজের নেতৃত্বের দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিএটি বাংলাদেশের ব্যবসায়িক কার্যসম্পাদন, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।