Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এলসি খোলার বিশেষ অনুমতি পেল শাইনপুকুর সিরামিকস

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বড় অঙ্কের খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত শাইনপুকুর সিরামিকস পিএলসিকে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির লক্ষ্যে ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ বিধানের প্রয়োগ থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িক ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার আওতায় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে আইনের ২৭(ক)(ক)(৩) ধারার প্রয়োগ স্থগিত থাকবে।

বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ঋণখেলাপি হয়ে পড়ায় এতদিন কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে পারছিল না। ব্যাংক কোম্পানি আইনের ওই ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর নতুন ঋণ সুবিধা গ্রহণ বা আমদানি ঋণপত্র (এলসি) খোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

তবে এ বিশেষ ছাড়ের সঙ্গে কঠোর শর্তও আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি কেবল ১০০ শতাংশ নগদ মার্জিনের বিপরীতে শাইনপুকুর সিরামিকসের আমদানি এলসি খুলতে পারবে। অর্থাৎ এলসি ইস্যুর আগেই প্রতিষ্ঠানটিকে আমদানিকৃত পণ্যের সম্পূর্ণ মূল্য জমা দিতে হবে।

এ সুবিধা শুধু উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোম্পানির উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মীদের কর্মসংস্থান রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঋণ প্রদানকারী ব্যাংকের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে শাইনপুকুর সিরামিকসের কার্যক্রম থেকে অর্জিত সব অর্থ একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা করতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে নিয়মিতভাবে সোনালী ব্যাংকের বকেয়া পাওনা আদায় করা হবে।

সার্কুলারে আরও স্পষ্ট করে বলা হয়েছে, এ বিশেষ ঋণ সুবিধার ফলে কোনো আর্থিক দায় সৃষ্টি হলে তার দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক বহন করবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)