সকল মেনু

এলসি খোলার বিশেষ অনুমতি পেল শাইনপুকুর সিরামিকস

বড় অঙ্কের খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত শাইনপুকুর সিরামিকস পিএলসিকে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির লক্ষ্যে ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ বিধানের প্রয়োগ থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িক ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার আওতায় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে আইনের ২৭(ক)(ক)(৩) ধারার প্রয়োগ স্থগিত থাকবে।

বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ঋণখেলাপি হয়ে পড়ায় এতদিন কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে পারছিল না। ব্যাংক কোম্পানি আইনের ওই ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর নতুন ঋণ সুবিধা গ্রহণ বা আমদানি ঋণপত্র (এলসি) খোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এ সুবিধা শুধু উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোম্পানির উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মীদের কর্মসংস্থান রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঋণ প্রদানকারী ব্যাংকের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে শাইনপুকুর সিরামিকসের কার্যক্রম থেকে অর্জিত সব অর্থ একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা করতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে নিয়মিতভাবে সোনালী ব্যাংকের বকেয়া পাওনা আদায় করা হবে।

সার্কুলারে আরও স্পষ্ট করে বলা হয়েছে, এ বিশেষ ঋণ সুবিধার ফলে কোনো আর্থিক দায় সৃষ্টি হলে তার দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক বহন করবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top