সকল মেনু

অর্থনৈতিক কূটনীতি জোরদারে প্রধানমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার: উন্নয়নশীল দেশের কাতারে টিকে থাকতে এবং উন্নত দেশ হতে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশপাশি অর্থনৈতিক কূটনীতি জোরদারে তৎপর হতে বাংলাদশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আপনাদের চোখ খোলা রেখে সব দেশের সঙ্গে আলোচনা ও সমঝোতা করতে হবে। তাহলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা টিকে থাকতে পারব, আরও এগিয়ে যেতে পারব এবং অবশেষে উন্নত দেশ হতে পারব।”

বাসস জানায়, দোহায় সোমবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক আঞ্চলিক দূত সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছে, তাই যেসব দেশে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ আছে, সেদিকে ‘মনোযোগ’ দেওয়া প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, এক সময় ‘কূটনীতি’ ছিলে রাজনৈতিক একটি বিষয়। কিন্তু সেই পরিচয়ের বাইরে কূটনীতির পরিচয় এখন ‘অর্থনৈতিক কূটনীতি’।

“তাই যারা বিভিন্ন দেশে কাজ করছেন, তাদের দায়িত্ব হল ব্যবসার ক্ষেত্র তৈরি করা যায় এমন দেশগুলোকে চিহ্নিত করা। যেসব দেশে আমাদের পণ্যের চাহিদা আছে, যেখানে রপ্তানি ও বিপণনের সুযোগ আছে সে সমস্ত দেশগুলোকে খুঁজে বের করা।“

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সম্মেলনে উপস্থিত ছিলেন।

স্বল্পোন্নত দেশগুলো নিয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন কাতারে রয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গত শনিবার তিনি কাতারে পৌঁছান। বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top