সকল মেনু

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, এমডি হলেন সৈয়দ মিজানুর

এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার (১ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

এদিকে, বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১১ সালের মার্চ মাসে তিনি এবি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বগ্রহণের পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

সৈয়দ মিজানুর রহমান

এর আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজালও পদত্যাগ করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ছুটি নিয়ে দেশের বাইরে যান এবং সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংকটির নিয়ন্ত্রণ শুরু থেকে মোরশেদ খান ও তার ছেলে ফয়সাল মোরশেদ খানের কাছে। তবে গত ১৫ বছরে তারা পর্ষদে ছিলেন না, তাদের প্রতিনিধিরা ব্যাংকের পর্ষদে ছিলেন।

জানা গেছে, বিগত সরকারের সময়ে এবি ব্যাংক থেকেও নামে-বেনামে ঋণের নামে বড় অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকটির শীর্ষ গ্রাহকদের বেশির ভাগই নিয়মিত ঋণ পরিশোধ করছেন না। এর মধ্যে অন্যতম হলো সিকদার গ্রুপ, আশিয়ান সিটি, বিল্ডট্রেড, মাহিন গ্রুপ, আমান গ্রুপ, এরশাদ ব্রাদার্স ও স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর কয়েকটি প্রতিষ্ঠান। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের ঋণও ঠিকমতো আদায় করতে পারছে না ব্যাংকটি। এ ছাড়া মোরশেদ খানের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের ঋণও খেলাপি হয়ে রয়েছে। ফলে সব মিলিয়ে গভীর সংকটের মধ্যে রয়েছে ব্যাংকটি।

এদিকে সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতে ব্যাপক সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবি ব্যাংকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ব্যাংকটির পর্ষদে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top