সকল মেনু

সিভিও পেট্রোর বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বিএসইসি

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ঘোষিত ৯ শতাংশ স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসি এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ছিল ১১ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৯ শতাংশ বোনাস।

বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।

বোনাস শেয়ার প্রাপ্তির এখতিয়ার নির্ধারণে আগামী ১৭ ডিসেম্বর রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে তারাই  বোনাস পাওয়ার যোগ্য হবেন।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৬৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৯ পয়সা (পুনর্মুল্যায়নসহ)।

আগামী ১০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম), রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ অক্টোবর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top