সকল মেনু

স্ত্রী-সন্তানসহ ৬ জনের ব্যাংক হিসাব স্থগিত, ওরিয়ন ইনফিউশনের প্রস্তাবও বাতিল

ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবাইদুল করিমের স্ত্রী-সন্তানসহ ৬ জনের ব্যাংক হিসাব অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে স্থগিত করা হয়েছে। গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব স্থগিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ১৮ সেপ্টেম্বর নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনার পর এই গ্রুপের কোম্পানি ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাব বাতিল করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রস্তাব বাতিল করেছে বলে গতকাল রোববার তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানায়, ওরিয়ন ইনফিউশন মূলধন বৃদ্ধি করতে দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়ে বিএসইসিতে আবেদন দিয়েছিল। এতে ২০ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে উৎপাদনশীল বিভিন্ন খাতে ব্যয় করা হবে জানায় কোম্পানির কর্তৃপক্ষ। মূলধন বৃদ্ধির এই আবেদন পরিবর্তিত সরকারের নতুন কমিশন বালিত করেছে।

ডিএসই আরো জানায়, ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানি। এক্ষেত্রে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ধরা হয় ২০ টাকা। সে হিসেবে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন শেষে সাবেক শিবলী কমিশনে আবেদন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পরিবর্তিত সরকারের নতুন কমিশন ২০ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলনের রাইট শেয়ারের আবেদন বাতিল করেছে।

তার আগে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে ওরিয়ন ইনফিউশনের বোনাস লভ্যাংশ প্রদানে অসম্মতি জানায় বিএসইসি। কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি না দিয়ে নগদ লভ্যাংশ দিতে পরামর্শ দেয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নির্দেশনায় বলা হয়েছে, ওরিয়ন গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব লেনদেন ও লকার সুবিধা আগামী ৩০ দিন বন্ধ থাকবে। মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিএফআইইউ এ সিদ্ধান্ত জানিয়েছে।

চিঠিতে ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম, মেহেদি হাসান ও মেয়ে জারিন করিমের নামসহ জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। এছাড়া রেজাউল করিমের নামসহ জাতীয় পরিচয়পত্রের তথ্যও দেওয়া আছে।

আওয়ামী সরকারের আমলে বিশেষ সুবিধা গ্রহণ করেন ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম। পুঁজিবাজারে তালিকাভুক্ত তার দুটি কোম্পানির মধ্যে ওরিয়ন ইনফিউশনের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top