স্টাফ রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন আজ বুধবার (২৪ জানুয়ারি) উভয় শেয়ারবাজারে শুরু হয়েছে। প্রথম দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির ১ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। প্রতিনিটি শেয়ার ১১ টাকায় লেনদেন হয়।
শেয়ারবাজারে ‘এন’ ক্যাটাগরিভুক্ত সিকদার ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হলো-‘SICL’। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির ট্রেডিং কোড হলো-২৫৭৫৮ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানির ট্রেডিং কোড হলো- ১১০৪৮।
এর আগে গত বুধবার (১০ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানির শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭.০৬ গুণ বেশি।
প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪২টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ১০৫টি শেয়ার বরাদ্দ পায়।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান অনুযায়ী বাধ্যতামূলকভাবে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।
সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৩ পয়সা। আর কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।
আইপিওর ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার হিসেবে দায়িত্ব পালন করে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর নিরীক্ষক হিসেবে কাজ করে জি.কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।