সকল মেনু

স্থায়ী সম্পদ ৩৯০৪ কোটি টাকা বেড়েছে তিতাস গ্যাসের

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির (টিজিটিডিসিএল) স্থায়ী সম্পদ ৩ হাজার ৯০৪ কোটি টাকা বেড়েছে। গত বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন করে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও জেডএ ক্যাপিটাল অ্যাডভাইজরি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, তিতাস গ্যাসের স্থায়ী সম্পদ ৯৫৮ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ১৮৮ থেকে বেড়ে ৪ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৩২৯ টাকায় দাঁড়িয়েছে। সে হিসাবে কোম্পানিটির স্থায়ী সম্পদ বেড়েছে ৩ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ ৮০ হাজার ১৪০ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ২৬ হাজার ৫১৭ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ হাজার ৯৮ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৯ হাজার ৪১৯ কোটি বা ৫৫ শতাংশ। কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১৬৫ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ৭ কোটি টাকা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৯ পয়সায়।

৩০ জুন, ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা এবং আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩ টাকা ২১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭১ টাকা ৭৫ পয়সা। ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তিতাস গ্যাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top