সকল মেনু

এস আলম স্টিলসের কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

এস আলম গ্রুপের মালিকানাধীন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর দুপুরে গ্রুপটির মালিকানাধীন মোট ৬টি কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার, ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

এরই প্রতিক্রিয়ায় আজ দুপুরে কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা গণমাধ্যমকে আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।

কোম্পানি সচিব জানান, তিনি কারখানা বন্ধ হবার ব্যপারে কিছুই জানেন না।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হলো। কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিল, জানি না। আমরা এ পরিস্থিতিতে আকাশ থেকে পড়লাম।

বন্ধ ঘোষণা করা অন্য পাঁচটি কারখানা হলো: এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড–নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এর মধ্যে একটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top