জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিবেদন ও গবেষণায় বাংলাদেশি সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল অ্যাসেম্বলি। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) বিকেলে প্যাটারসন সিটিতে মার্কিন সরকারের এ সন্মাননা তার হাতে তুলে দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী।

জেনারেল অ্যাসেম্বলির স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।
শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে এ সময় জানান সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী।
নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যানের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে বলেও জানান তিনি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএর পরিচালক চৌধুরী হাসিন ফারাহ।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ুবিষয়ক ফেলোশিপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন।
জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড়, দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা নেয়া উচিত তাই এই ফেলোশিপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়।
খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে বাফেলো সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে। বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা।
এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান এডভাইজার শাহী চৌধুরী তাকে বাফেলো সিটিতে সন্মাননা দেন। যুক্তরাষ্ট্রের বাফেলোতে বাংলাদেশি প্রথম সাংবাদিক হিসেবে জলবায়ু সাংবাদিকতায় বিরল এই সন্মাননা পান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।