সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে নতুন এমডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। ফলে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত ব্যাংকটি প্রথম এমডি পেল। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যাংক খাতের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ইউসিবি ব্যাংকে ২০২৪ সালের অক্টোবরে যোগদান করেন। এর আগে তিনি Habib Bank Limited (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।