স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এটিবি বোর্ডে নতুন করে আরো একটি সাবঅর্ডিনেটেড বন্ডের মঙ্গলবার লেনদেন শুরু হয়েছে। ডিএসইতে এ উপলক্ষে আইএফআইসি ব্যাংক ২য়, ৩য় নন-কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের লেনদেন এবং রিং দ্যা বেল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মইনুদ্দিন, প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মণ্ডল, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএসই’র ইস্যু মার্কেটিং, প্রমোশন এবং ডেট মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক সাইদ মাহমুদ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে চলতি বছরের জানুয়ারি মাসে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি বোর্ডের যাত্রা শুরু করে।
এটিবি বোর্ডে তিন ধরনের প্রোডাক্ট লেনদেন করা যায়। এগুলো হলো ইক্যুইটি, ডেট এবং ওপেন এন্ডেড মিউচ্যুয়্যাল ফান্ড। এটিবির মাধ্যমে মূলধন উত্তোলন করা যায় না শুধুমাত্র মালিকানা হস্তান্তর করা যায়। এছাড়াও এই মার্কেটের ফিচার অনেকটা মূল মার্কেটের মতো।
তিনি আরও বলেন, আইএফআইসি ব্যাংকের যে বন্ড দুইটি তালিকাভুক্ত হলো সেগুলো এটিবি বোর্ডকে আরো সমৃদ্ধ করবে। বন্ড দুইটি তালিকাভুক্ত হবার জন্য ইস্যুয়ারসহ সংশ্লিষ্ট্ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, পুঁজিবাজারের উন্নয়নে এটিবি বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে এটিবি বোর্ডে দুইটি বন্ড তালিকাভুক্তির মাধ্যমে এটিবি-তে মোট বন্ডের সংখ্যা হলো তিনটি। বন্ডটির কর্তৃপক্ষকে কমপ্লায়েন্সের বিষয়গুলো মেনে চলার বিষয়ে আন্তরিক হতে হবে। যা পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মইনুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তালিকাভুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেন। ৭ বছর মেয়াদী এই বন্ড দুটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা এবং প্রতিটি বন্ডের সাইজ ৫০০ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মইনুদ্দিন বলেন, আইএফআইসি ব্যাংক প্রথম প্রজন্মেও একটি ব্যাংক। আইএফআইসি ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে সব সময় সচেষ্ট রয়েছে। আজকে যে বন্ড দুইটি তালিকাভুক্ত হয়েছে সে বিষয়ে সহযোগিতার জন্য ডিএসই বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।