স্টাফ রিপোর্টার: অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে। ডেফার্ড ট্যাক্স গণনা করেনি কোম্পানিটি। পাশাপাশি, জমা দেয়নি মূল্য সংযোজন কর (মূসক)।
কোম্পানির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন কথা জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষকের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পুনঃমূল্যায়ন করা হয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের জমি। কোম্পানিটি এরপর তা আর পুনঃমূল্যায়ন করেনি। যদিও, আইএএস-১৬’র প্যারা-৩৪ অনুযায়ী, ২০১৫ সালের পরে ওই সম্পদ পুনঃমূল্যায়ন করা দরকার ছিল ৩ থেকে ৫ বছর অন্তর।
নিরীক্ষক আরো জানায়, আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ী, ডেফার্ড ট্যাক্স হিসাব করে না অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। একইসঙ্গে, মূসকও জমা দেয়নি এ কোম্পানি।
এতে জরিমানা আরোপ করা হতে পারে ওই কোম্পানির উপর। তবে, এক্ষেত্রে কোন সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করা হয়নি।
অন্যদিকে, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি টাকার বিনিয়োগ বেড়েছে সহযোগী কোম্পানিতে। যা অনিরীক্ষিতভাবে ওই সহযোগী কোম্পানির স্থায়ী সম্পদ পুন:মূল্যায়নের মাধ্যমে করা হয়েছে।
পুঁজিবাজারে ১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের বুধবার (১ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর ১৯.৩০ টাকায় দাঁড়িয়েছে।
বস্ত্র খাতের এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে মাইনাস ২২ কোটি ৩৯ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৭৪ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ শেয়ার। বাকি ৫২ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।