সকল মেনু

বিএসইসি চেয়ারম্যানের সরকারি নির্দেশনা অমান্য

স্টাফ রিপোর্টার: সরকারি নির্দেশনা অমান্য করলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এনিয়ে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে পুঁজিবাজার বিশেষজ্ঞ সকলের মনে বিএসইসি চেয়ারম্যানের ব্যাপারে বিরুপ মনোভাব দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে শুরু করে ১৮ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ওমরাহ্ পালন ও তাঁর ছেলের সাথে দেখা করার উদ্দেশ্যে অর্থমন্ত্রণালয় থেকে ব্যক্তিগত ছুটি নিয়ে যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। যাতায়াতের সময়সহ গত ১৮ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত অর্থমন্ত্রণালয় থেকে ৮দিনের ছুটির অনুমোদন পান বিএসইসি চেয়ারম্যান।

খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সরকারি নির্দেশনা সঠিকভাবে পরিপালনে ব্যর্থ হয়েছেন। তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি তিনি কাতারে গিয়েছিলেন বিশ্বকাপ ফুটবল-২০২২ দেখতে। অথচ অথমন্ত্রণালয় থেকে তাকে কাতারে যাওয়ার ব্যাপারে কোন নির্দেশনা দেওয়া হয়নি। শুধু তাই নয়, সঠিক সময়ে তিনি দেশে ফিরে আসেননি।

অর্থমন্ত্রণালয় থেকে ছুটির অনুমোদিত সময়ের চেয়ে তিনি বেশি সময় বিদেশে ছিলেন। তিনি ২০ ডিসেম্বর দেশে ফিরে আসেন এবং ২১ ডিসেম্বর থেকে তিনি অফিস শুরু করেন; যা জিও (গভার্মেন্ট অর্ডার) পরিপন্থি।

খোঁজ নিয়ে আরও জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে তাঁর ব্যক্তিগত সফরে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মো. জোনায়েদ শফিক ও একটি ব্রোকারেজ হাউজের একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

ফলে শেয়ারবাজার বিশেষজ্ঞদের মনে সন্দেহ জেগেছে, চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিচ্ছেন কি-না উল্লেখিত প্রতিষ্ঠান দুটির কাছ থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শেয়ারবাজার বিশেষজ্ঞ ও একটি সিকিউরিটিজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ নিয়ন্ত্রক যদি সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হন সেক্ষেত্রে তিনি পুঁজিবাজারের উন্নয়নে ভালো কিছু বয়ে আনতে পারবেন না বলে আমার মনে হয়। পাশাপাশি সন্দেহ করা হচ্ছে ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস থেকে তিনি ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিচ্ছেন। সরকারের উচিত তাঁর ব্যাপারে তদন্ত করা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুর্নীতিবাজ হিসেবে নিজেকে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। শুধু তাই নয়, প্লেবয় হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন।

উর্ধ্বতন এই কর্মকর্তা আরো বলেন, পুঁজিবাজারে সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার মোনার্ক হোল্ডিংস লিমিটেডে রাখার ব্যাপারে গোপন আতাত করেছেন। বিএসইসি চেয়ারম্যান সরকার অনুমোদিত ব্যক্তিগত বিদেশ ভ্রমণে গিয়ে তিনি রুলস মারাত্বক ভঙ্গ করেছেন।

তিনি কোনভাবেই অনুমোদিত ছুটির অতিরিক্ত বিদেশে থাকতে পারেন না। পাশাপাশি কাতার ভ্রমণে তাকে সরকার অনুমোদন দেয়নি, অথচ তিনি কাতার ভ্রমণ করেছেন।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমি সরকারি সফরে যাইনি, ব্যক্তিগত সফরে বিদেশে গিয়েছিলাম। সরকারি কোষাগার থেকে এব্যাপারে আমি কোন অর্থ সহায়তা নেইনি।

উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার, ২৬ ডিসেম্বর মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসতে টাকার অংকে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন ১২.৭০ শতাংশ কমে ২০০ কোটির নিচে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে ২০২০ সালের ৭ জুলাই লেনদেন সোমবারের থেকে কম হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি টাকার। সোমবার ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top