সিনিয়র রিপোর্টার: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিপোজিটরি ফান্ডকে এক্সপোজার লিমিটের বাইরে রাখার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে শেয়ারবাজারে প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হবে আইসিবির।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আইসিবি একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে প্রস্তাব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিষয়টি প্রধানমন্ত্রীর দেখভাল করবেন।
বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন চেয়ারম্যান। দেশের অর্থনীতি যেভাবে বিকশিত হচ্ছে, একইভাবে শেয়ারবাজারকেও বিকশিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠক পরবর্তীতে বিএসইসি চেয়ারম্যান জানান, শেয়ারবাজার নিয়ে আমাদের যে স্বপ্ন তা বাস্তবায়নে যেসব নীতি সহায়তা দরকার সেগুলো দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার আরো বড়, সময়োপযোগী ও আধুনিক করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তিনি আমাকে সমাধান দিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, শেয়ারবাজারে আকর্ষণীয় পণ্য চালু করা হবে। করোনা ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমাদের কিছু কর্মসূচি বিলম্বিত হয়েছিল। সেগুলো এ বছরেই করা হবে। শেয়ারবাজার যাতে আরো সমৃদ্ধ হয়, আরো বড় হয়, লেনদেনের পরিমাণ বাড়ে, সে জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট দিচ্ছি। শেয়ারবাজার যাতে দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তার জন্য আমরা সব পদক্ষেপ নিচ্ছি। লেনদেন আরো বাড়া উচিত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।