সকল মেনু

রপ্তানিকারকেরা ইপিবির নিবন্ধন পাবে ৫ বছরের জন্য

স্টাফ রিপোর্টার: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসা সহজ করার অংশ হিসেবে নিবন্ধন সনদের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছরে উন্নীত করেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দিন থেকে সেটি কার্যকর হয়েছে।

ফলে পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন থেকে নিজেদের চাহিদা অনুযায়ী এক থেকে পাঁচ বছরের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির নিবন্ধন সনদ নিতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে এ জন্য প্রতিবছরের নির্ধারিত ফি দিতে হবে।

১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত ইপিবির নিবন্ধন হালানাগাদ ছিল, এমন প্রতিষ্ঠানই সুযোগটি নিতে পারবে। গত ২৭ এপ্রিল এক আদেশে নিবন্ধন সনদের মেয়াদ এক থেকে পাঁচ বছর করার বিষয়ে ঘোষণা দেয় ইপিবি।

ইপিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিকারক প্রতিষ্ঠান মেয়াদ অনুযায়ী নবায়ন ফি দিয়ে ইপিবির নিবন্ধন সনদ নবায়ন করতে পারবে। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠানের জন্য প্রতিবছরের নবায়ন ফি ৩ হাজার ৪৫০ টাকা। নতুন নিবন্ধনের জন্য ফি ৫ হাজার ৭৫০ টাকা। আর অন্য খাতের রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য নবায়ন ফি ১ হাজার ১৫০ টাকা। এ ক্ষেত্র নতুন নিবন্ধন ফি ২ হাজার ৩০০ টাকা। এই অর্থ ব্র্যাক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ইপিবির ওয়েবসাইটে লগইন করে নিবন্ধন সনদ নবায়নের আবেদন করতে পারবে রপ্তানিকারক প্রতিষ্ঠান। আবেদনে নিবন্ধনের নবায়নের মেয়াদ উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনকারীর ছবি, ট্রেড লাইসেন্স, ইআরসি সনদ ও সংশ্লিষ্ট সমিতির সদস্যপদের হালনাগাদ কপি এবং ভ্যাট ও টিআইএন নিবন্ধন সনদের কপি দিতে হবে।

ইপিবি বলেছে, আগামী ৩১ আগস্টের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন না করলে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য জিএসপি, সিও, সাফটা, আপটা সনদ প্রদান ও আরইএক্স–বিষয়ক সেবা স্থগিত করবে সংস্থাটি।

নিবন্ধন সনদের মেয়াদ দীর্ঘদিন ধরে বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে গত মার্চে অনুষ্ঠিত ইপিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top