স্টাফ রিপোর্টার: এনবিএল সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফিক্স (ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ) সার্টিফিকেশন অর্জন করেছে। এতে করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করে বিনিয়োগকারীদের জন্য আরও সহজে লেনদেন করার সুযোগ সৃষ্টি করতে পারবে প্রতিষ্ঠানটি।
গত ১১ ও ১৪ জুন বিভিন্ন টেস্ট পরিচালনা করা হয়। এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে এই সার্টিফিকেশন প্রদানের আগে ইউজার এক্সেপটেন্স টেস্টিং ও আরও কিছু সামঞ্জস্যপূর্ণ যাচাই-বাছাই করা হয়। এসমস্ত টেস্টিং কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করেছে এনবিএল সিকিউরিটিজ। এই পরিপ্রেক্ষিতে গত ০৪ জুলাই এনবিএল সিকিউরিটিজ ডিএসইর ফিক্স সার্টিফিকেট অর্জন করেছে।
ভিন্ন ভিন্ন স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টার কারণে সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে এই সার্টিফিকেট অর্জন করলো এনবিএল সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই আইটি ও সিস্টেম টিম, এসকে অ্যাডভাইজরি এলএলসি ও টেকেট্রন ভেঞ্চার্স লিমিটেড (টিভিএল) পুরো প্রক্রিয়া চলাকালে সার্বিক সহযোগিতা করেছে এবং ডিএসই টিম সার্টিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সবরকম সহায়তা করেছে।
সার্টিফিকেশনের বিষয়ে এনবিএল সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জোবায়েদ আল মামুন হাসান বলেন, “এই সার্টিফিকেশন অর্জনের ক্ষেত্রে সর্বাত্মকভাবে সহযোগিতা করায় ডিএসই আইটি, সিস্টেম ও ম্যানেজমেন্ট টিমের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা বিশ্বাস করি, বিনিয়োগের অভিজ্ঞতা আরও উন্নত করতে হলে পুঁজিবাজারের প্রযুক্তিগত অগ্রগতি খুব জরুরি। এই সার্টিফিকেশনের মাধ্যমে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করলো, এতে করে তারা দেশের যেকোনো জায়গা থেকে লেনদেন করার সুযোগ পাবেন।”
সারা দেশের নতুন বিনিয়োগকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই এনবিএল সিকিউরিটিজের প্রধান লক্ষ্য। পাশাপাশি, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি মানুষকে আগ্রহী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।