সকল মেনু

এফএম প্লাস্টিক হঠাৎ পুঁজিবাজার নিয়ে অনাগ্রহী কেন

স্টাফ রিপোর্টার: এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির আবেদন করে এবং পরে প্রত্যাহার করে নেয় এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের কিউআইও বাতিল করেনি।

শেষ পর্যন্ত পুঁজিবাজারে আসছে কী না- সে সম্পর্কে তথ্য নিশ্চিত করেনি এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক কর্মকর্তা জানান, কোম্পানিটি গত মাসের শেষের দিকে বিএসইসিকে কিউআইও থেকে প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছে। তবে কমিশন কোম্পানিটির কিউআইও বাতিল করেনি।

এফএম প্লাস্টিক পণ্য

কোম্পানিটি শেয়ারবাজারের এসএমই প্লাটফর্মে কিউআইও’র মাধ্যমে ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা উত্তোলন করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

বিএসইসির এক কর্মকর্তা বলেন, এফএম প্লাস্টিক ব্যবসা সম্প্রসারণে এসএমই প্লাটফর্মের পরিবর্তে মূল মার্কেটে প্রবেশ করতে চায়। কোম্পানির পণ্যের মধ্যে রয়েছে কাপ, প্লেট, ঢাকনা, বাটি, বাক্স, ট্রে থেকে শুরু করে ফোস্কা প্যাকেজিং এবং ফেস মাস্ক।

৩১ মার্চ ২০২৩ সমাপ্ত ৯ মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানির আয় দাঁড়িয়েছে ২২ কোটি ২০ লাখ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ২১ কোটি ৪০ লাখ টাকা। এই সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ২ কোটি ২৮ লাখ টাকা।

এদিকে, ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আর ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.০৩ টাকায়।

এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বড় গ্রাহক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এছাড়া অন্য গ্রাহক হল- রেডিশা ফুড অ্যান্ড বেভারেজ, ডেকো ফুডস, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই লজিস্টিকস এবং ম্যারিকো বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top