সকল মেনু

আসছে টেকনো ড্রাগস, বিডিং আগামী ২১ এপ্রিল

পুঁজিবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানির  শেয়ার বিডিং বা নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির বিডিং আগামী ২১ এপ্রিল, রোববার বিকাল ৪টায় শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল, বুধবার বিকাল ৪টা পর্যন্ত।

কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে সোমবার, ১ এপ্রিল এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আগে চলতি বছরের গত ৭ মার্চ আইপিওর অনুমতি দেয়।

টেকনো ড্রাগস আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৭.৭৪ টাকা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২.৫৭ টাকা। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২.০৮ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা ৩.২৫ টাকা।

টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট বা ২০ টাকা, দুটির মধ্যে কম মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করবে।

তবে শর্ত রয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

রাজধানীর একটি হোটেলে ২০২৩ সালের ১৪ অক্টোবর রোড শো আয়োজন করে টেকনো ড্রাগস। এতে যোগ্য বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হলে সেখানে কোম্পানির আর্থিকচিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top