সকল মেনু

ডিএসইর কৌশলগত চুক্তি, ভি-নেক্সট প্লাটফর্মের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসই’র কৌশলগত চুক্তির আওতায় ইস্যুয়ার ও প্রাতিষ্ঠানিক/যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি অনলাইন প্লাটফর্ম হচ্ছে ভি-নেক্সট প্লাটফর্ম (V-Next Platform) ৷

ডিএসই টাওয়ারের ভিআইপি লাউঞ্জে রোববার পুঁজিবাজারের উন্নয়নে ভি-নেক্সট প্লাটফর্ম বাস্তবায়নে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার-ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ৷ ডিএসই’র মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. ছামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ৷

স্বাগত বক্তব্যে তিনি বলেন, শেনঝেন স্টক এক্সচেঞ্জের সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত একটি মূলধন ম্যাচমেকিং প্লাটফর্ম যা ইক্যুইটি/ভেঞ্চার ক্যাপিটাল ও উদীয়মান প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। বর্তমানে এটি চীনসহ ৪৭টিরও বেশি দেশে ভি-নেক্সট প্লাটফর্ম এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ সকল দেশের সম্ভাবনাময় সংস্থাসমূহ ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও সম্প্রসারণে প্রয়োজনীয় মূলধন চাহিদা মেটাতে সক্ষম হয়েছে।

অন-লাইন প্রযুক্তিনির্ভর ভি-নেক্সট প্লাটফর্ম সমগ্র বিশ্বের বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে৷ একটি দেশের সম্ভাবনাময় খাতসমূহ বৈদেশিক অর্থায়নের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ভি-নেক্সট সেতুবন্ধন রূপে কাজ করছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাজারের জন্য দুইটি সুযোগ সৃষ্টি করবে। প্রথমতঃ এসএমই কোম্পানিগুলোর জন্য অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন এবং দ্বিতীয়তঃ পুঁজিবাজারে ইস্যুকারী ও বিনিয়োগকারী উভয়কে উপকৃত করার জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন।

তিনি আরও বলেন, ভি-নেক্সটের মাধ্যমে ব্যাপক বৈদেশিক বিনিয়োগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আমরা অচিরেই এটা বাস্তবায়ন করার জন্য কাজ করবো। শুধু ভি-নেক্সট নয়, আরও অন্যান্য বিষয়েও কিভাবে বিনিয়োগ বাড়ানো যেতে পারে, সে বিষয়েও আমরা সকল স্টেকহোল্ডারদের সাথে পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাবো।

স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন৷ তিনি ভি-নেক্সটের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, নেক্সট গ্লোবাল নেটওয়ার্ক, নেক্সট কমিউনিটি, নেক্সট অফার: এন্টারপ্রাইজ, নেক্সট ও ডিএসই, নেক্সট ব্যবহারকারীদের নির্দেশিকা এবং নেক্সটের অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন৷

প্রধান অতিথি’র বক্তব্যে বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন বলেন, আমাদের দেশের উন্নয়নে প্রচুর বিনিয়োগ প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় পরিমাণ অর্থের অভাবে কাংক্ষিত বিনিয়োগ হচ্ছে না। আর এই সমস্যা সমাধানের জন্য পুঁজিবাজারকে কাজে লাগানোর জন্য ভি-নেক্সট প্লাটফর্ম হতে পারে অন্যতম মাধ্যম। এটা নতুন কিছু না। অনেক আগে থেকেই বিষয়টা ছিল। শুধু মাঝখানে করোনা এবং অন্যান্য কারণে বন্ধ ছিল। ২০২০ সালে ডিএসই ভি-নেক্সট নিয়ে একটি প্রগ্রেস রিপোর্ট দিয়েছিল। সেখানে কি কি কাজ করা লাগবে সে বিষয়ে বলা আছে।

এছাড়া ভি-নেক্সট সম্পর্কিত ওয়েবসাইট সহ আরো অনেক বিষয় বলা আছে। তাই আর পিছনের কথা বলবো না। এখন শুধু এগিয়ে যেতে হবে। আর এজন্য প্রথমে বিএসইসির সঙ্গে ডিএসইর বৈঠকের যে বিষয় আছে সেগুলো এবং ২০২০ সালের প্রেজেন্টেশনের বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ২২ টি কোম্পানি নিয়ে শুরু হওয়ার কথা ছিল, তারা কেন শুরু করতে পারেনি সেটা তাদের কাছ থেকে জানতে হবে। তারা যদি বলে ডিএসই প্রস্তুত ছিল না, সেটা ছাড়া আর কি কারণ ছিল সেটা তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে ভি-নেক্সটে যুক্ত হতে হলে বেশ কিছু নিয়ন্ত্রক আইন মেনে কাজ করতে হবে। সেই বিষয়টাও আমাদের খেয়াল রেখে কাজ শুরু করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top