সকল মেনু

বিনিয়োগকারীদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে এবি ব্যাংক

বিনিয়োগকারীদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংক। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া সর্বশেষ হিসাববছরের জন্য এ লভ্যাংশ দেবে ব্যাংকটি। এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার জানা গেছে, লভ্যাংশ ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী ব্যাংকটির শেয়ারের দামের উত্থান-পতনের ক্ষেত্রে কোনো ধরনের সীমা আরোপ থাকছে না।

এর আগে ২০২২ সালেও বিনিয়োগকারীদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল এবি ব্যাংক। আর ২০২১ সালে ৫ শতাংশ লভ্যাংশ দেয় ব্যাংকটি। এর মধ্যে ২ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

ডিএসই সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাববছরে এবি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা, যা ২০২২ সালে ছিল ৮১ পয়সা। অর্থাৎ এক বছরে ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৫ শতাংশ। তবে আয় বাড়লেও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বাড়ায়নি ব্যাংকটি।

অন্যদিকে, গত বছর এবি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা ৫৮ পয়সা। এটি ২০২২ সালে ছিল ২৯ টাকা ৩৪ পয়সা। এ ছাড়া গত বছর এবি ব্যাংকের সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১১ টাকা ২০ পয়সা, যা এর আগের বছর ১৯ টাকা ১২ পয়সা ঋণাত্মক ছিল।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ জুন এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে বিনিয়োগকারীরা লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করবেন। এ জন্য আগামী ২৬ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top