বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ। সোমবার, ২০ মে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেছেন। বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনে নিরলসভাবে কাজ করবেন তিনি।
ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ ২৫ বছরেরও অধিক সময় শেয়ারবাজারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম এবং সাউথ ইস্টার্ণ ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর ১৯৯৭ সালে বিএসইসিতে উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। বিএসইসিতে চাকরিরত অবস্থায় ড. তারিক ২০০৭-২০০৯ এর সময় অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডেকিন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব ফিনান্সিয়াল প্লানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অধ্যায়নের জন্য AusAid স্কলারশিপ লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি নিউজিল্যান্ডের ওয়েলিংটন এর ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।