পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি ড. এম মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার। তার নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল। তবে ড. রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা জানিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অপারগতার কথা জানান।
ড. এম মাসরুর রিয়াজ তার বিবৃতিতে বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তবর্তী সরকার আমাকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের জন্য আমি আন্তরিকভাবে অন্তবর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ সুযোগ। দেশের স্বার্থ আমার কাছে বরাবরই সবকিছুর ওপরে।
তবে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের এবং অর্থনীতির জন্য আরো বড় পরিসরে কাজ করতে পারব। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র মেরামতের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আমাকে সাদরে গ্রহণ করার জন্য বিএসইসির সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজন এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ড. এম মাসরুর রিয়াজকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এম মাসরুর রিয়াজ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।