অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আর্থিক খাতের সংস্কার ও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে কারিগরি সহায়তা চেয়েছে সরকার।
বুধবার, ২৫ সেপ্টেম্বর সচিবালয়ে তার দপ্তরের সভাকক্ষে আইএমএফ-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ-এর একটি প্রতিনিধি দল আমাদের এখানে এসেছে। আমরা তাদের সঙ্গে দেশের আর্থিক খাতের সংস্কারে সহায়তার বিষয়ে আলোচনা করেছি। আমরা তাদের জানিয়েছি, ইতোমধ্যে ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং অতিরিক্ত তহবিলের বিধানসহ সম্ভাব্য সংস্কারের ক্ষেত্র অনুসন্ধানের জন্য এক সপ্তাহব্যাপী সফরে এসেছে আইএমএফ মিশন চিফ ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
ড. সালেহউদ্দিন বলেন, আমরা নতুন ঋণ চেয়েছি, কিন্তু এর পরিমাণ উল্লেখ করা হয়নি। আমরা অক্টোবরে ওয়াশিংটনে আইএমএফ নীতি নির্ধারকদের সঙ্গে দেখা করব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।