সকল মেনু

সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে গভর্নরের কাছে চিঠি

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে প্রায় ২০ বছর ধরে দায়িত্ব পালন করছেন আলমগীর কবির। তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনলাইনে গোপনে ভোট প্রদান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পৃথক দুটি চিঠি পাঠিয়েছে ব্যাংকের দুজন শেয়ারহোল্ডার।

ব্যাংকের একজন শেয়ারহোল্ডার দাবি করেন, ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে মনোনীত পরিচালক রফিকুল ইসলাম গোপন ভোট জালিয়াতি করে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন।

প্রক্সি লেটার থাকা সত্ত্বেও এজিএমের বিষয়গুলোতে অনুমোদন বা পরিচালক পুনঃনিয়োগে তাদের ভোট দিতে দেয়া হয়নি বলে তাদের অভিযোগ। তারা কিছু শেয়ারহেল্ডারের পোর্টফোলিও ব্যবহার করে দুই পরিচালক নিজেদের পক্ষে ভোট নিয়েছেন।

নিয়ম অনুযায়ী ব্যাংকের এজিএম শুরুর আগের রাত থেকে সভার আলোচ্য বিষয়সূচির উপরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের শেয়ারহোল্ডারদের থেকে ভোট নেওয়া শুরু হয়। ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত পরিচালক পুনঃনিয়োগের ব্যাপারে ভোটের সংখ্যা ছিল কম। ২৫ সেপ্টেম্বর সকাল থেকে দেখা যায়, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির ও মনোনীত পরিচালক মো. রফিকুল ইসলামের পক্ষে কয়েক কোটি ভোট বেশি পড়েছে।

শেয়ারহোল্ডার অনেকের অভিযোগ, আলমগীর কবির তার ক্ষমতা অপব্যবহার করে যেসব শেয়ারহোল্ডার ভোট দেয়নি, তাদের ভোট কৌশলে নিজেদের নামে বাড়িয়ে নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top