সকল মেনু

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালকের যোগদান

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জেড এন কনসালট্যান্টসের প্রধান পরামর্শক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জাকেরিন বখত নাসির (স্বতন্ত্র) পরিচালক হিসেবে যোগদান করেছেন৷ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ডিএসইর পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদেন তিনি।

তার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁর নিয়োগ অনুমোদন দেন৷

সৈয়দা জাকেরিন বখত নাসির ৩২ বছরেরও অধিক সময় মানবসম্পদ বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি দুটি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিং-এ বি.কম (অনার্স) এবং ফিন্যান্স-এ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে পাকিস্তানে সিমেন্সের একটি সিস্টার কনসার্নে মানবসম্পদ বিভাগে কার্যকরী অভিজ্ঞতা অর্জন করেন।

সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসির পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ৷

ডিএসইর পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

উল্লেখ্য যে, স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন৷ ড. নাহিদ হোসেন পদত্যাগের ফলে শূন্য হওয়া একটি পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ প্রদান করা হয়৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top