সকল মেনু

স্টক এক্সচেঞ্জগুলো আইপিও অনুমোদনের ক্ষমতা পাবে

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে খসড়া সুপারিশ করেছে ট্যাক্সফোর্স। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বদলে স্টক এক্সচেঞ্জকে আইপিও অনুমোদনের ক্ষমতা পাবে। একইসঙ্গে হাজার কোটি টাকা লেনদেনকারী ‘গুড গভর্নেন্স’ কোম্পানিকে পুঁজিবাজারে অর্ন্তভূক্তি বাধ্যতামূলকসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন ট্যাস্কফোর্সের সদস্যরা।

ঢাকার আগারগাঁওয়ের বিএসইসি ভবনে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে টাস্ক ফোর্সের কোন নির্দেশনা নেই। স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে টাস্ক ফোর্স।

কমিশন ভবনের মাল্টি পারপাস হলে গতকাল উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজের সিইও মো. মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন।

সংবাদ সম্মেলনে আইপিও সংক্রান্ত সুপারিশ গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেণ টাস্ক ফোর্সের সদস্যরা। তারা জানান, পুঁজিবাজার সংস্কার চলমান রয়েছে। কাজের অগ্রগতির বিভিন্ন স্তর বিভিন্ন সময়ে গণমাধ্যমের কাছে তা তুলে ধরবে টাস্ক ফোর্স।

টাস্কফোর্সের সুপারিশে বলা হয়েছে, আইপিওতে স্থির মূল্য পদ্ধতিতে ৩০ কোটির কম ও বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটির কম মূলধনের কোম্পানিকে তালিকাভুক্ত না করার কথা বলা হয়েছে। পাশাপাশি আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের ১০ হাজার টাকা বিনিয়োগ করার সুযোগ থাকবে। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের ৫০ ও প্রাতিষ্ঠানিকদের জন্য ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত থাকবে। সাধারণ বিনিয়োগকারীদের সংরক্ষিত ৫০ শতাংশের মধ্যে ৫ শতাংশ প্রবাসী বাংলাদেশি এবং বাকি ৪৫ শতাংশ দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

টাস্কফোর্স সুপারিশ করেছে, পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে কোন কোম্পানি অনুমোদন পাবে তার প্রাথমিক সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জগুলো। স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির প্রস্তাব বাতিল করলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তা ‘রিভিউ’ করতে পারবে। আইপিও সংক্রান্ত আইন সংশোধন করে এ বিধান যুক্ত করার সুপারিশ করেছে টাস্কফোর্স।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কাছে আগেই এই সুপারিশ হস্তান্তর করেন টাস্কফোর্সের সদস্যরা।

উল্লেখ্য, পুঁজিবাজারের বিনিয়োগ পরিবেশ, আমানত সুরক্ষা, উন্নয়ন, আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে গত ৭ অক্টোবর পাঁচ সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top