জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনে সংশ্লিষ্ট থাকায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের অবসরে পাঠিয়েছে বলে জানায় এনবিআর।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- আয়কর বিভাগের (ইনকাম ট্যাক্স উইং) কমিশনার গোলাম কবির এবং এনবিআর-এর সদস্য (চলতি দায়িত্ব) আবু সাইদ মোহাম্মদ মোশতাক। বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন তারা।
প্রবাসী আয় নিয়ে কেলেঙ্কারিতে তারা জড়িত। দুই জনের বিরুদ্ধেই ইনকাম ট্যাক্স জোন-৫ এ কর্মরত থাকার সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়া আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তারা সংশ্লিষ্ট ছিলেন। তারা ট্যাক্স জোন-৫ এ দায়িত্বে ছিলেন এবং কর ছাড়ের সুবিধা দিতে রেমিটেন্স সার্টিফিকেট ইস্যু করেন তারা।
এনবিআর বৃহস্পতিবার এ প্রতিবেদকে জানিয়েছে, দুজন কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইনে এ ধরনের পরিস্থিতিতে সরকার চাইলে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। সেই বিধান অনুসারেই তাদের অবসর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।