সকল মেনু

অবৈধ সম্পদ অর্জন, কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানিতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। নূর মোহাম্মদ মণ্ডল বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।

মামলার প্রেক্ষিতে আদালত তার মালিকানাধীন মোট ৩ হাজার ১৩০ দশমিক ৭৩ শতাংশ জমি এবং আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করেছেন। একইসঙ্গে তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে তার সম্পদ ইতোমধ্যে ক্রোক করা হয়েছে এবং ব্যাংক হিসাবও ফ্রিজ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, পীরগঞ্জে নূর মোহাম্মদ মণ্ডলের মালিকানাধীন ‘আনন্দনগর’ নামে একটি পিকনিক স্পট কাম বিনোদন কেন্দ্র রয়েছে। এ সম্পত্তিও মামলার আওতায় রয়েছে। বর্তমানে ওই বিনোদনকেন্দ্রে পীরগঞ্জ থানার ওসিকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের পরপর দুইবারের সাবেক সংসদ সদস্য ও টানা তিনবার পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top