সকল মেনু

‘শুধু ভুল না, সরকারের ভালো দিকও দেখুন’

সরকারের শুধুমাত্র ভুল কিংবা নেতিবাচক দিক নয়, ভালো কাজগুলোও অন্তর্দৃষ্টির সঙ্গে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ও সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সমালোচনা করা প্রয়োজন, কিন্তু ভালো দিকগুলোও স্বীকার করা উচিত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সোমবার, ৪ আগস্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম নিয়ে সেমিনারটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, আমার কিছু জুনিয়র অর্থনীতিবিদ রয়েছেন, যারা শুধু সরকারের ভুল, ব্যর্থতা আর সীমাবদ্ধতাই দেখেন। শুধু দেখে যা—এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলো দেখা এবং স্বীকার করাও গুরুত্বপূর্ণ।  সরকারের ভুল নেই, তা বলছি না। ভুল থাকতেই পারে, সমালোচনা করা উচিত। তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। কারণ, এতে সংশোধনের সুযোগ থাকে।

এনবিআরের ডিজিটাল অগ্রগতি ও প্রতিষ্ঠানটির পেশাদারিত্বের প্রশংসা করেন সালেহউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের একটি সুনাম আছে, সেটি ধরে রাখা দরকার।

অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন ব্যবস্থার উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এখন থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির (ইআরইউ) সভাপতি দৌলত আক্তার মালা।

আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী ও সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top