সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে এবারও সম্মাননা দেবে না সরকার। গত বছরও সরকারের পালাবদলের কারণে সম্মাননা দেয়া হয়নি।
২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিত সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছিল এনবিআর। গত বছরের মতো এবারো সম্মাননা দেবে না।
সরকারের আর্থিক ব্যয় কৃচ্ছ্রসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হয়। এ লক্ষ্যে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাকি সদস্যরা হলেন- কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য; কাস্টমস রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি; কাস্টমস নীতি ও আইসিটি; মুসক বাস্তবায়ন, আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন; মুসক নীতি; মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।
সম্প্রতি অনুষ্ঠান উদযাপন উপ-কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার (সম্মাননা ও ক্রেস্ট) প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
ভ্যাট প্রদান উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরও ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করে এনবিআর।
২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে। সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিত সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।
জানতে চাইলে এনবিআরের এক সদস্য বলেন, এ বছর নির্বাচনী বছর। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এবারও ভ্যাট সম্মাননা প্রদান করা যাচ্ছে না। এছাড়া সরকারের আর্থিক ব্যয় কৃচ্ছ্রসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবারের উদযাপন করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টি বিবেচনায় রেখে সাজসজ্জার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ ও জনসমাগম স্থানে বিশেষ করে সড়ক, সড়কদ্বীপ ও ফ্লাইওভার, ওভারব্রিজ ইত্যাদি স্থানে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।